আজ পহেলা ফাল্গুন…..  বসন্তের হাত ধরে এলো বিশ্ব ভালবাসা দিবস

0
641
জসিম উদ্দিন : আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত উৎসবে মেতে উঠবে বাংলা ভাষাভাষী মানুষেরা। তাইতো কবিগুরু লিখেছেন, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে”/ হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?-
একই সাথে এবার বসন্তের হাত ধরে এসেছে বিশ্ব ভালবাসা দিবস। বসন্ত উৎসবে ফুলের মাখামাখিতে ভালবাসা দিবসের পূর্ণতা পাবে বলে মনে করেন ফুল ও ভালবাসা প্রেমীরা।
শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে ঋতুরাজ বসন্ত বছর ঘুরে দোলা দিয়েছে বাঙালির প্রাণে। এদিকে প্রকৃতির অমোঘ নিয়মে বিদায় নিয়েছে শীত। ঋতুরাজ বসন্ত তার নিজস্ব উষ্ণতায় প্রাণ সঞ্চার করছে প্রকৃতিতে। দুরের বাতাসে মিশে ভেসে আসছে মন উচাটন করা কোকিলের কুহু কুহু গান।
গাছে গাছে অজস্র ফুলের সমাহার। শাখায় শাখায় নতুন পাতার উদগম, যেন নতুন হয়ে উঠছে পুরোনো পৃথিবী। সে কারণেই যুগে যুগে বসন্ত বিপুল নন্দিত জীবনের জয়গানে।
প্রাণস্পন্দনে জেগে ওঠা প্রকৃতির নীরব উচ্ছ্বাস, বুনো ফুলের গন্ধমাখা দমকা হওয়া, এই চনমনে রোদ, আমের মুকুলে মুকুলে ভ্রমরের গুঞ্জন, বাঙালির হৃদয়ের গভীরেও জাগিয়ে তোলে এক অনির্বচনীয় ব্যাকুলতা।
নতুন প্রকৃতির মতোই উজ্জ্বল সাজে সজ্জিত হয়ে পথে নামে পুরবাসী নর-নারী। খুলে যেতে চায় মনের বন্ধ দুয়ার। হৃদয়ের না বলা কথাটি প্রিয়তমর কাছে মধুর স্বরে বলতে আকুল হয়ে ওঠে চিত্ত।
হৃদয়ের ভাসানো আবেগের প্লাবনে ঘুচে যায় দ্বিধা-সংকোচ। অনুভূতি পেয়ে যায় তার প্রকাশের ভাষা। বসন্ত তাই ভালোবাসার ঋতু বলেও সমাদর পেয়েছে বাঙালির কাছে। ইটপাথরের নগরে বসন্তের লাবণ্যময় স্পর্শ নিসর্গে বসন্তের বর্ণচ্ছটা তেমন যেন সুলভ নয়।
তবে মানবহৃদয় বসন্তের প্রভাব এড়াতে পারে না বলেই হয়তো আজ এই যান্ত্রিক নগরেও দেখা যায় নাগরিকদের বেশভূষায়, উৎসব আয়োজনে ঋতুরাজের আগমনী-উচ্ছ্বাস।
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত মানে একে অপরের হাত ধরে হাঁটা। তাইতো বসন্ত নিয়ে কবি সাহিত্যিকরা লিখেছেন অনেক গান, অনেক কবিতা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় তাইতো মন বলে ওঠে “ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here