চৌগাছা (যশোর) -: যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেন্টি কড়ই গাছে মেরে দিয়ে ইব্রাহিম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় তার সাথে থাকা জাহাঙ্গীর হোসেন (২৭) মারাত্মক আহত হয়েছে। ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে। জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে।
শুক্রবার (৩ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাত ৯টায় চৌগাছা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা দুইজন চৌগাছা থেকে গ্লামার ১২৫সিসি মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চৌগাছা থানাধীন ১০নং নারায়নপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে চৌগাছা-মহেশপুর সড়কে হঠাৎ চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্টি কড়ই গাছে মেরে দেয়।
এতে মোটরসাইকেল চালক ইব্রাহিম ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক শিক্ষা পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এরিপোর্ট লেখার সময় মরদেহটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলো।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমরান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এছাড়া জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, হাসপাতালে থানার পুলিশ কর্মকর্তারা আছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন।















