অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাঠে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন তারা। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সামাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে মাঠে গিয়ে কৃষকের সঙ্গে কথা বলে তারা।
এ প্রসঙ্গে কৃষক আব্দুর রহমান বলেন, তিন উপদেষ্টাসহ সরকারের বড় বড় কর্তারা আমাদের ধান কাটা দেখেছেন। আমরা ৩-৪ জন সরদারবাড়ির পেছনে জমির পাকা ধান কাটছিলাম। এ সময় আমাদের সঙ্গে কথা বলে কৃষি সম্পর্কে খোঁজখবর নেন তারা। খুব ভালো লেগেছে।
এ ব্যাপারে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, সকাল ১০টার দিকে বিজিবির একটি হেলিকপ্টারে তিন উপদেষ্টা মহাবিদ্যালয় মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে অত্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে তালিকাভুক্ত কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করেন। সকাল ১১টার দিকে মহাবিদ্যালয়সংলগ্ন একটি বিলে গিয়ে ধান কাটা দেখেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবরও নেন তিন উপদেষ্টা। এরপর তাদের গাড়িবহর ভবদহ স্লুইস গেট এলাকার দিকে যাত্রা করে।















