হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

0
179

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায়
এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত
সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার
করে।
ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল
কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে
থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত
পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো
অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল
কর্তৃপক্ষকে জনান।
হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, ‘খবর
পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ১০১নং কক্ষে ছুটে যান
এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত
চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি
জানানো হয়।’
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত
জানান, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার
পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের
প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here