অভয়নগরে প্রেমিকের জন্য প্রেমিকার আত্মহত্যা

0
89

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মরিয়ম খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত অভিমানের জেরে বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন হিদিয়া গ্রামের মোশারেফ মোল্যার মেয়ে। তিনি স্থানীয় পল্লীমঙ্গল আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মরিয়মের সঙ্গে পাশের গ্রামের আব্দুর রহমান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে উভয় পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হয়। তবে মরিয়মের বাবা-মা প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে মেয়েটির সঙ্গে পরিবারের সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে প্রেমিককে বিয়ে করতে না পারার কষ্টে মরিয়ম আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।
নিহতের পিতা মোশারেফ মোল্যা বলেন, আব্দুর রহমান নামে এক ছেলের সঙ্গে মরিয়মের নিয়মিত কথা হতো। শুনেছি বুধবার রাতে তাদের মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়। রাত ১০টার দিকে মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মেঝো মেয়ে সুমিকে পাঠাই। সে জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়ম ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বাঁশুয়াড়ি ক্যাম্পে নিয়ে যায়।তিনি আরও বলেন, আমি কাউকে দায়ী করছি না। শুধু আমার মেয়ের লাশটি ভালোভাবে দাফন করতে চাই। প্রেমিক আব্দুর রহমানের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বাঁশুয়াড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাইসুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহটি অভয়নগর থানা হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, কলেজছাত্রী মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে যশোর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here