চৌগাছায় তিন দোকানের শাটার ভেঙে চুরি

0
135

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পৌরসভার শফি উদ্দীন মল্লিক মার্কেটে তিনটি দোকানের শাটার ভেঙে চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা এ মার্কেটের চৌগাছা ডিজিটাল স্টুডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টসের শাটার ভেঙে নগদ ২ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।
চৌগাছা ডিজিটাল স্টুডিওর মালিক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বাজার বন্ধের দিন হওয়ায় সন্ধ্যায় দোকান খুলে রাত ৯টার দিকে আবার বন্ধ করে বাসায় ফিরে যান। শুক্রবার সকালে পাশের দোকানদারের ফোন পেয়ে এসে দেখেন—শাটার ভাঙা, ক্যাশবক্স ভেঙে ১ লাখ ১৫ হাজার ৫শ টাকা চুরি হয়েছে।
আল্লাহর দান হোমিও হলের মালিক শরিফুল ইসলাম বলেন, চোরেরা শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে ক্যাশ থেকে ১ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া চোরেরা সুমন গার্মেন্টসের শাটার ভেঙে ভিতরে ঢুকেছে বলেও জানা গেছে।
এর আগে ১ অক্টোবর ভোররাতে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামের একটি মুদি দোকানে চুরি হয়। দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে ঢুকে চোরেরা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় দোকানমালিক আব্দুল মজিদ চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here