যশোরে ছিনতাইকারীদের চাকুর আঘাতে আহত পথচারী

0
56

যশোর অফিস : যশোরে ছিনতাইকারীরা এক পথচারীকে ছুরিকাঘাত করেছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে শহরের ঘোপ নোয়াপাড়া রোডের নিকুঞ্জ মোড় সংলগ্ন ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আল মামুন (৪৫)। তিনি শহরতলীর ঝুমঝুমপুর এলাকার ইলিয়াস সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রমতে পুলিশ জানায়, পৌনে নয়টার দিকে আল মামুন পায়ে হেঁটে নিকুঞ্জ মোড় অতিক্রম করার সময় অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে ছিনতাইয়ের জন্য তাকে লক্ষ্য করে চাকু দিয়ে আঘাত করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত অবস্থায় আল মামুন নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান, একজন ব্যক্তি আহত হয়েছেন আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here