স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মুজিবর রহমান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একই সঙ্গে যোগ দিয়েছেন তার অর্ধশত কর্মী-সমর্থক। শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় মো. মুজিবর রহমান তার অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
এ সময় ৮৮ যশোর-৪ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফুল দিয়ে তাদের বরণ করেন।
জামায়াতে যোগদান বিষয়ে মো. মুজিবর রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিএনপির সঙ্গে জড়িত। নওয়াপাড়া পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ব্যক্তিগত ও অনিবার্য কারণে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিএনপির সকল পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’ মুজিবর রহমান আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। যে কারণে জামায়াতের রাজনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী প্রচার কাজ শুরু করার ইচ্ছা পোষণ করেছি। আমার সঙ্গে কমপক্ষে ৫০ জন কর্মী-সমর্থকও যোগদান করেছেন।’
এ ব্যাপারে অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন বলেন, ‘নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মুজিবর রহমান তার অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগদান করেছেন। কারণ জামায়াতে ইসলাম দেশ ও জনগণের কথা বলে। সাধারণ মানুষের দুঃখে পাশে থাকে। কোনো চাঁদাবাজি, দখলদারী বা অনিয়ম-দুর্নীতিবাজদের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই। তাই এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা মোতাবেক জামায়াত সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’















