যশোর অফিস : যশোরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শহরতলীর সীতারামপুর গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে সদর থানার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম রেক্সোনা (২২)। তিনি একই এলাকার দ্বীন ইসলামের স্ত্রী এবং নজরুল ইসলামের কন্যা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বসতবাড়ির শয়নকক্ষে আড়ার সঙ্গে শাড়ির কাপড়ের সাথে গলায় ফাঁস দেন রেক্সোনা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রেক্সোনাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।















