যশোরে চালককে হত্যা করে মোটরভ্যান ছিনতাই

0
123

যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় একটি কলাবাগান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় তিনি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here