স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পরবর্তীতে নিরাপদে ধ্বংস করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাঘারপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথ বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে ১০টি শক্তিশালী গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, যুক্তরাষ্ট্রে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি খুর উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযান শুরুর আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)-কে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল। নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, অস্ত্র বা গোলাবারুদ সংক্রান্ত তথ্য পেলে তা দ্রুত ও গোপনে যৌথ বাহিনীর যেকোনো ইউনিটকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।















