মিশকাতুজ্জামান,নড়াইল:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকার গড়তে চাই না, জামায়াতের বিজয়ও চাই না; আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।”
শুক্রবার বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই বাংলাদেশ আজ এক স্বস্তির নিশ্বাস চায়। আমরা পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পুরোনো রাজনীতি দেশকে এগোতে দেয়নি, পায়ে শিকল বেঁধে রেখেছে।” তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশকে পরিবর্তন করতে চায় জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখের গণভোটে পুরোনো রাজনীতিকে বিদায় জানাতে হবে ‘না’ বলে এবং নতুন রাজনীতিকে স্বাগত জানাতে হবে ‘হ্যাঁ’ বলে। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী।”
ডা. শফিকুর রহমান বলেন, “সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই আমরা। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।”
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামী নড়াইলের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-২ আসনের প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আয়য়ুব হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















