মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী সমাবেশে মানুষের ঢল

0
3

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নারী কর্মী ও সমর্থকেরা মহেশপুর হাইস্কুল মাঠে সমাবেশে উপস্থিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হাই, ‎মহেশপুর উপজেলা আমির অধ্যাপক ফারুক আহম্মেদ। জাকসুর সাবেক এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। এছাড়া উপজেলা ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষা ও সামাজিক সংস্কারে নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাঁরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে। আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রার্থীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, দীর্ঘদিন ধরে দেশে নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা বেড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here