যশোরে শিশু আদালতের উদ্বোধন

0
8

যশোর অফিস : বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও শিশুবান্ধব করতে যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় ফিতা কেটে আদালতটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম। ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের সহায়তায় এ শিশু আদালত স্থাপন করা হয়।
এর আগে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন–২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এস এম মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু বিচার ব্যবস্থা ও প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থার পার্থক্য তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও থানার কার্যক্রম সংক্রান্ত আইনগত দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক। এছাড়া শিশুদের আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু ও বিকল্প পরিচর্যা বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান। কর্মশালায় মোট ৩০ জন প্যানেল আইনজীবী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here