যশোর চৌগাছা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও গ্যাস পিস্তল আটক

0
65

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান,একটি বিদেশি গ্যাস পিস্তল, ষ৩০টি ট্রিগার স্প্রিং,১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here