স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এই সামাজিক
চুক্তি রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে।
আজ রোববার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকায় নির্বাচনী পথসভায়
বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোটারদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম
অমিত বলেন, আমরা জমিজমা কেনাবেচা বা দোকান ভাড়া নেওয়ার সময় যেমন চুক্তিপত্র তৈরি করি,
নির্বাচনী ইশতেহারও ঠিক তেমনই। এটি মেনে চলতে আমি এবং বিএনপির সংসদ সদস্য বাধ্য
থাকবেন।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এই বিএনপি নেতা বলেন, আমি যশোরবাসীর
কাছে ওয়াদা করেছি, জয়ী হলে যশোরকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করব। এর সাথে যদি আমার পরিবারের
কোনো সদস্য বা দলের বড় কোনো নেতাও জড়িত থাকে, তার সাথেও কোনো আপস নেই, তার বিচার হবে।
আগামী ১২ তারিখের ভোটকে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার ভোট হিসেবে অভিহিত করে অমিত বলেন, এই
ভোটের জন্য আর কোনো রাজনৈতিক দল এত বেশি ত্যাগ করেনি। স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার
আদায় করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপির সত্তর জন নেতা কর্মী গুম হয়ে গেছে, যশোর জেলায় ৬৮
জনকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি নওয়াপাড়া ইউনিয়নের নিহত দলীয় নেতাকর্মী আবদার রহমান,
আশিকুর রহমান আকুল, ফেরদৌস হোসেন এবং মাসুদকে স্মরণ করে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
ধানের শীষ মার্কার পক্ষে জনসমর্থনের কথা উল্লেখ করে অমিত বলেন, আজ সারা বাংলাদেশে, বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ, ওলামা মাশায়েখবৃন্দ এবং তবলিগ জামাত ধানের শীষকে সমর্থন দিয়েছে। একইসাথে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টও ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারণ বিএনপি সাম্প্রদায়িক
সম্প্রীতিতে বিশ্বাস করে। এজন্য উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ থেকে আগামী ১২
তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত। এসময় বিএনপির সদর উপজেলা ও
ইউপি বিএনপির নেতৃবৃন্দ প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন।















