স্টাফ রিপোর্টার, যশোর থেকে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য
নজির সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের
সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ১০০ জন বন্দি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা
হয়েছিল। এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে
সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ
পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভোটারদের
জন্য পৃথকভাবে পোস্টাল ব্যালট সংবলিত ১১১টি খাম পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের
নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল।
তিনি আরো জানান, বন্দিরা নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে অবগত হওয়ার
পর ব্যালট পেপার গ্রহণ করেন। এরপর কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই গোপনীয়তা বজায় রেখে
১০০জন বন্দির ভোট গ্রহণ সম্পন্ন হয়। সমস্যা থাকার কারণে ১১টি ভোট গ্রহণ সম্ভব হয়নি। পরে
ভোটাধিকার প্রয়োগকারী বন্দিরা সিলগালাকৃত খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিধি
অনুযায়ী ব্যালট পেপারগুলো পরবর্তী পদক্ষেপের জন্য পোষ্ট অফিসের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসারের
কাছে পাঠানো হয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার
উন্মোচিত হলো বলে মন্তব্য করেন তিনি।















