যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড—যা বাংলাদেশ থেকে শুরু করে ভারত ও পাকিস্তান পেরিয়ে পৌঁছে গিয়েছিল আফগানিস্তানের কাবুল পর্যন্ত। ৪টি দেশের ইতিহাস ও ঐতিহ্যের সুতোয় গাঁথা সেই প্রাচীন ‘সড়ক-ই-আজম’ এবার নতুন করে প্রাণ পেতে যাচ্ছে যশোরের মাটিতে। ইতিহাসের ধুলো ঝেড়ে সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। আজ জেলা উন্নয়ন সমন্বয় সভায় তিনি জানান, যশোরের বেনাপোল থেকে বাঘারপাড়া পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন সড়কটি পুনরায় সচল ও সংস্কারের এক মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আজ থেকে প্রায় ৪৮৬ বছর আগে যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন সম্রাট শের শাহ এই বিশাল সড়কটি নির্মাণ করেছিলেন বাণিজ্যের প্রসারে। এই সড়কটি কেবল চলাচলের পথ নয়, বরং এশিয় সভ্যতার এক জীবন্ত নিদর্শন। জেলা প্রশাসক জানান, ঐতিহাসিক এই রুটটি পুনরায় ব্যবহারের উপযোগী করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা পাঠানো হয়েছে। একই সাথে তিনি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) নির্দেশ দিয়েছেন অতিদ্রুত এই সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিতে। যশোরের বেনাপোল ও বাঘারপাড়া অংশটুকু সচল হলে তা কেবল জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে না, বরং পর্যটকদের জন্য উন্মোচিত হবে ইতিহাসের এক নতুন দুয়ার। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর মতে, এই রাস্তাটি আমাদের শিকড়, আর এর পুনরুদ্ধার মানে আমাদের হারানো গৌরবকে বর্তমান প্রজন্মের সামনে ফিরিয়ে আনা।















