শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ:উভয় পক্ষের ৩০টি বাড়িঘর ভাঙচুর, আহত ৪

0
9

মাগুরা প্রতিনিধি : শ্রীপুর উপজেলার সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।গতকাল
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রু তার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।
সংঘর্ষে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মিঠুনের বাড়িতে হামলা চালানো হয় এবং তার মা মিরা বেগম গুরুতর আহত হন। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম বলেন, “আমি সকালে রান্না করছিলাম। হঠাৎ করে আবু সালেহ এসে আমার মাথায় কোপ মারে। সেখানে তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও অনেকেই ঘরবাড়ি ভাঙচুর করে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here