এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক
গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও
দুই মেয়ে আহত হন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর-গোলাঘাটা সড়কের
মির্জাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার
বিদ্যানন্দকাটি গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। তিনি কেশবপুর শহরের মধুসড়কের
ইব্রাহিম গার্মেন্টেসের ব্যবসায়ী। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত
করেছেন কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্যবসায়ী আব্দুস সালাম স্ত্রী ও দুই মেয়েকে
নিয়ে কেশবপুর বাজারে মোটরসাইকেল যোগে আসছিলেন। পথিমধ্যে কেশবপুর-
গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সঙ্গে
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার স্ত্রী তানিয়া খাতুন
(৩০) এবং দুই মেয়ে মাওয়া (১০) ও মহুয়া (৬) আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন বলেন, সড়ক
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছে। এ বিষয়ে
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।














