সংস্কার ছাড়া নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে : মিয়া গোলাম পরওয়ার

0
236

যশোর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাতে জাতির মুক্তি মিলবে না, বরং আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে।”
শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কমিশনের প্রচেষ্টাকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতা নিতে হবে। নির্বাচন যখনই হোক, সেটিকে নিরপেক্ষ করতে জামায়াতে ইসলামি প্রস্তুত রয়েছে সহযোগিতা দিতে। তবে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো পক্ষপাত জাতিকে বিভ্রান্ত করবে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি বুঝে বা না বুঝে যাই করুন, জাতি এখনো আস্থা রাখতে চায়। তবে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন না হলে জাতির সামনে মহা দুযোর্গ অপেক্ষা করছে।”
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের পর এই বিচার দৃশ্যমান হতে হবে। সময় বেঁধে দিতে চাই না, কারণ বিচার বিভাগের নিজস্ব প্রক্রিয়া ও স্বাধীনতা আছে।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “কথায় বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাস্তবে করেন উল্টোটা—এমন রাজনীতি জাতির জন্য ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো জাতীয় ঐক্য গড়তে পারিনি। দ্বন্দ্ব-সংঘাত, অতীতের অমীমাংসিত ইস্যু জাতিকে বিভক্ত করে রেখেছে। এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here