এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুর পৌরসভার সাত হাজার পরিবারের মধ্যে চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
জলাবদ্ধতার পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় আরও পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা
করছেন পৌর কর্তৃপক্ষ। পানিতে শহরের মাছ ও কাঁচা বাজার তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের
পড়তে হয়েছে চরম বিপাকে। কাঁচা বাজার আড়ৎ অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। গত
কয়েকদিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পৌরসভার মধ্যকুল খানপাড় রুবেল খান বলেন, তার বসতঘরের মধ্যে হাটুপানি হওয়ায় পরিবার
নিয়ে অন্যত্র থাকতে হচ্ছে। ভোগতী নোনাডাঙ্গা এলাকার শওকত হোসেন বলেন, পানির
ভেতর দিয়েই অনেক কষ্টে চলাফেরা করতে হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে
ভোগান্তি আরও বাড়বে। আলতাপোল এলাকার ইকরামূল হোসেন বিশ্বাস বলেন, পানিতে
এলাকা তলিয়ে থাকায় মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে।
কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মো. এনামুল হক বলেন, পৌরসভার
নয়টি ওয়ার্ডই জলাবদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যে এক, চার, পাঁচ, ছয় ও সাত নম্বর ওয়ার্ডে
জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে গিয়ে
আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত পৌরসভার সাত হাজার পরিবারের মধ্যে তিন হাজার ৯০০
পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। পানিবন্দি মানুষের জন্য কোন ত্রাণ
সামগ্রী বরাদ্দ পাওয়া যায়নি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও পরিবার পানিবন্দি হয়ে
পড়বে।















