আশাশুনির শ্রীকলসে জমকালো আয়োজনে শুরু হলো চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় টাইব্রেকারে চম্পাফুল একাদশের নাটকীয় জয়

0
103

আশাশুনি প্রতিনিধি ঃ খেলাধুলা মানেই প্রাণের স্পন্দন—আর সেই স্পন্দনে প্রাণ ফিরে পেল আশাশুনির শ্রীকলসে। শ্রীকলস যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীকলস বালুর মাঠে শুরু হয়েছে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট। উৎসুক দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চম্পাফুল ফুটবল একাদশ ও গুনাকরকাটি ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে দারুণ উত্তাপ ছড়ায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে গুনাকরকাটিকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় চম্পাফুল একাদশ।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার সহ-সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামান, সমাজসেবক ডা. বিল্লাল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও সাংবাদিক এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুমন আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক দলের সহ-সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাকিবুল ইসলামসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি পরিচালনা করেন উত্তম কুমার মণ্ডল, ইমরান হোসেন ও দেব প্রসাদ মণ্ডল। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন, যিনি খেলার আবহ ও উত্তেজনা তুলে ধরেন তার সাবলীল ভাষায়।
আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আশাশুনি যুব স্পোর্টিং ক্লাব ও কাপসান্ডা প্রভাতী যুব সংঘ। আর প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার—যেখানে দুই সেমিফাইনালের বিজয়ী দল শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।
এ আয়োজন শুধু খেলাধুলা নয়, তরুণ প্রজন্মকে মাঠমুখী করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার এক মহতী উদ্যোগ হিসেবেই বিবেচিত হচ্ছে এলাকাবাসীর কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here