কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

0
169

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে থানা ডিউটিতে আসছিলেন আনিস। তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। অভিযুক্ত চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুর্ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন মাতব্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here