মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের একটি মাট (হাট) এলাকা থেকে বনবিভাগ একটি জীবিত শকুন উদ্ধার করে। একইসঙ্গে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয় একটি মৃত মেছোবিড়াল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জানুয়ারি গভীর রাতে গুড়পাড়া গ্রামের সাকিনন্ত ড্রাগন বাগান এলাকায় একটি মেছোবিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার খবর জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনাকে অবহিত করেন।
পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বয়রা, খুলনার অধীনস্থ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, শার্শা, যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মৃত মেছোবিড়ালটি উদ্ধার করে। এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬-এর ধারা ৪১ (৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়।
মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত মেছোবিড়ালটি উদ্ধার করি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “মেছোবিড়াল কৃষকের পরম বন্ধু। এ ধরনের বন্যপ্রাণী পিটিয়ে হত্যা কোনোভাবেই কাম্য নয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















