এয়ার সিকিউরিটি এক্সারসাইজ: যশোর বিমানবন্দরে বোমাতঙ্ক, নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে ‘রক্ষা’ পেল বিমান !

0
98

স্টাফ রিপোর্টার, যশোর : আকস্মিক ঘোষণা ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে
বোমা রয়েছে! মুহূর্তেই সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে উঠল পুরো যশোর
বিমানবন্দর এলাকা। চারদিকে নিরাপত্তা কর্মীদের দৌড়ঝাঁপ, ভারী অস্ত্রের ঝনঝনানি
আর কমান্ডোদের রণপ্রস্তুতি। মুহূর্তের মধ্যে শান্ত বিমানবন্দর যেন হয়ে উঠল এক
যুদ্ধক্ষেত্র। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই; এটি ছিল বিমানবন্দরে যেকোনো
জরুরি পরিস্থিতি ও নাশকতামূলক হামলা মোকাবিলায় বিভিন্ন সংস্থার সক্ষমতা
যাচাইয়ের জন্য আয়োজিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ’।
গতকাল মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা ২৫ মিনিট। ১০ জন যাত্রী নিয়ে
‘এয়ার বাংলাদেশ-২৪৭’ ফ্লাইটটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের
মাত্র ১০ মিনিটের মাথায় বিমানবন্দর ব্যবস্থাপকের কাছে আসে এক বেনামী ফোন
কলে জানানো হয় বিমানে বোমা রাখা আছে!
সাথে সাথে জারি করা হয় ‘ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি’। সক্রিয় হয়ে ওঠে
ইমার্জেন্সি অপারেশন সেন্টার। রানওয়েতে ছড়িয়ে পড়েন বিমানবাহিনী,
সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ডগ স্কোয়াড আর
মেটাল ডিটেক্টর নিয়ে চলে চিরুনি তল্লাশি। সমন্বিত এক অভিযানের মাধ্যমে
সফলভাবে নিষ্ক্রিয় করা হয় ‘বোমা’ এবং নিরাপদ করা হয় যাত্রীদের।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি দুই
বছরে একবার এমন মহড়া বাধ্যতামূলক। আজকের এ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ
বিমানবাহিনী ও সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন, আনসার, ফায়ার
সার্ভিস ও সিভিল সার্জন অফিসের মেডিকেল টিম।
মহড়া প্রত্যক্ষ শেষে প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস
মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এই মহড়া কেবল একটি
আনুষ্ঠানিকতা নয়, বরং যেকোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়
আমাদের দক্ষতা ও সমন্বয়ের প্রমাণ। এটি আন্তর্জাতিক মান বজায় রাখতে আমাদের
সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
তিনি আরও জানান, যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ও এপ্রোনের
কাজ শেষ হয়েছে। রানওয়ে শক্তিবৃদ্ধিকরণ প্রকল্পের কাজ শেষ হলে এখানে ভবিষ্যতে আরও
বড় বিমান ওঠানামা করতে পারবে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক
পরিবর্তন আনবে।
মহড়াটির মূল পরিকল্পনায় ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো.
আসিফ ইকবাল। অনুষ্ঠানে বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান,
যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আইয়ুব আলী, সহকারী পরিটালক মাহাবুব আলমসহ
ঊর্ধ্বতন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা রানওয়েতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here