শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার শতখালী শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকস নামের একটি ইটভাটার ক্লিনের দেয়াল ধসে সালমান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সালমান শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
শালিখা ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় কুমার দেবনাথ জানান, দুপুর ১:৩০ টার দিকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ইটের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমান প্রতিদিনের ন্যায় তার স্ত্রী ও ছেলে সহ ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ক্লিনের একটি দেয়াল ভেঙে তার উপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকসের পরিচালক করিম মোল্লা জানান, প্রতিদিনের মত সালমান ও তার স্ত্রী, পুত্রসহ তিনজন পুড়া ইট বের করা কাজ করছিল। হঠাৎ ক্লিনের মাঝের ওয়াল ফাটল ধরে ধসে পড়ে স্ত্রী ও পুত্র সরে গেলেও সালমান সরে আসতে পারনি। পরে সালমান দেয়ালের নিচে চাপা পড়ে যায়। দ্রুত স্হানীয় লোকজন এগিয়ে আসে এবং শালিখা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।















