অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে – অমিত

0
67

যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর ভোট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির সুযোগ দেওয়া হবে না। তিনি বলেছেন, বহুল প্রতীক্ষার ও সাধনার এই ভোট নতুন করে কেউ লুট করার সাহস দেখালে জনগণ তা প্রতিহত করবে। অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে। সেই কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার শুরুতে মানিকদিহী গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অমিত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে। এই ভোট যাতে আর কোনো শক্তি কেড়ে নিতে না পারে, সেজন্য আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করব এবং ফলাফল বুঝে নেব।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে জনগণের ভোট ছাড়াই জনপ্রতিনিধি বানানো হয়েছে। সেই অবৈধ জনপ্রতিনিধিরা এলাকার জন্য কোনো উন্নয়ন করেনি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না। নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে অমিত বলেন, আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবার ভোট দিয়েছেন, ততবারই তিনি এই এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন করেছেন। জনগণের জন্য কাজ করাই ছিল তাঁর রাজনীতি।
তিনি ভোটারদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেন, আগামী দিনে আমাকে সুযোগ দিলে এই এলাকার উন্নয়ন নতুন করে সাজাব। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য একটি আধুনিক হিমাগার নির্মাণ করব। উন্নয়ন হবে মানুষের প্রয়োজনে—দলীয় স্বার্থে নয়। পথসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here