যশোরে যুবদল নেতার বাসে আগুন : ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

0
8

মিলন সেখ : যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলায় এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা স্থানীয় যুবদল নেতা মো. আবু বক্কর সিদ্দিকী বেলালের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি ভস্মীভূত হয়ে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।
বাস মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, মেহগনিতলা মোড়ের পাশে একটি ফাঁকা জায়গায় তিনি তার দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ এবং ঢাকা মেট্রো-১৪-৪৩১০) পার্কিং করে রাখতেন। বাস দুটি মূলত বিভিন্ন স্কুলের ভাড়ায় চালিত হতো এবং গত দুই মাস ধরে সেখানে রাখা ছিল।
শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে, তার বাসে আগুন জ্বলছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বালি ও পানি দিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে একটি বাস পুরোপুরি পুড়ে যায় এবং পাশে থাকা অন্য বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বাস মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল, আরো জানান কে বা কারা শত্রুতা করে আমার উপার্জনের এই পথটি পুড়িয়ে দিল জানি না। আমি পরিবারের সাথে কথা বলে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয়রা জানান নির্বাচন-পরবর্তী বাংলাদেশে এমন ‘আগুন সন্ত্রাস’ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে নির্বাচনে পরাজিত পক্ষ বা আওয়ামী লীগের কর্মীরা জড়িত থাকতে পারে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান: পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই আগুনের সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here