যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা

0
13

মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ১১ ও ১২ নভেম্বর যশোর রেডক্রিসেন্ট ইউনিট অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন যশোর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
বিশেষ অতিথি ও ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন শিকদার রাহাত ইসলাম ও হাবিবা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন যশোর ইউনিট লেভেল কর্মকর্তা মোক্তার হোসেন। আলোচনায় সভাপতির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, রেডক্রিসেন্টের কার্যক্রম কোনো নির্দিষ্ট কর্মপরিধির মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জাতীয় সোসাইটির কর্মসূচির পাশাপাশি যশোর ইউনিট নিজস্ব উদ্যোগেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়। বিভিন্ন সংকটকালে অসহায় মানুষের জরুরি সেবা নিশ্চিত করতে ইউনিটটি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, যশোর ইউনিটের আওতাধীন প্রায় ৯০ শতাংশ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে রেডক্রিসেন্টের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রস্তুতির আওতায় আনা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে রেডক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় সাংগঠনিক সক্ষমতার শক্তিশালী দিক ও সীমাবদ্ধতা বিশ্লেষণ, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন রোডম্যাপ প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here