স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার

0
14

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শালিখা, মাগুরার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা কিশোরীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে দিগন্তজোড়া, ভুবনজোড়া, বিশ্বজোড়া। এমন স্বপ্ন দেখতে হবে, যার মাধ্যমে তোমরা বিশ্বখ্যাত হতে পারো, সারা বিশ্ব জয় করতে পারো। তোমাদের নিজেদের সেই পর্যায়ের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাহলেই তোমরা বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘তোমাদের স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া। স্বপ্ন হলো সেটাই, যা মানুষকে সারাক্ষণ তার লক্ষ্য অর্জনে ব্যস্ত রাখে এবং গন্তব্যে পৌঁছানোর অনুপ্রেরণা জোগায়। আমাদেরও সেই স্বপ্ন দেখতে হবে।’
কিশোরীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘তোমরা যদি ভীরু ও দুর্বলভাবে কথা বলো, তাহলে ইভটিজিংয়ের শিকার হওয়ার আশঙ্কা থাকে। আর যদি তোমাদের মধ্যে তেজস্বিতা, আত্মবিশ্বাস ও দৃঢ় ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে দিতে পারো, তাহলে অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে পারবে।’
তিনি বলেন, ‘তোমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে এবং স্বপ্ন দেখে নিজেদের গড়ে তুলতে হবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সরকার যেমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে, তেমনি সঞ্চয়ের অভ্যাস তোমাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। তোমাদের অভিভাবক ও শিক্ষকরা সব সময় পাশে রয়েছেন। আর আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করি, আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় পাশে আছি।’
বিআরডিবি মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমন নিসা, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান এবং মাগুরা জেলা যুবদলের সহসভাপতি মো. কাইজার হোসেন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ। এতে স্থানীয় অভিভাবক, কিশোরী শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here