যশোর ডেস্ক :এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত। হাইকোর্টের এ নির্দেশনার ফলে এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন কার্যত স্থগিত রাখার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। পুনর্মূল্যায়নের পর এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসতে পারে। ফলে নতুন ফলাফলের ভিত্তিতে তারা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ নির্দেশনা দিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানায়।
এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন।













