রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

0
21

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠের পর মাঠজুড়ে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জমিতে কেটে রাখা ধান শুকানোর সুযোগ না পেয়ে ভিজে যাচ্ছে। এতে কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছরও আমন ধানের ভালো ফলন হয়েছিল। ধান পেকে যাওয়ায় কৃষকেরা দ্রুত ফসল কাটতে শুরু করেন। কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিতে তাঁদের সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি চিটা ও পচন ধরার আশঙ্কাও করছেন তাঁরা।
স্থানীয় মোবারকপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, অনেক কষ্ট করে ধান আবাদ করেছি। ধান ভালো হয়েছিল। কিন্তু কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে রাখা ধান নিয়ে বিপদে পড়েছি। ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছি না। এভাবে বৃষ্টি চলতে থাকলে অনেক ধান নষ্ট হয়ে যাবে।
আরেক কৃষক মো. আব্দুস সালাম বলেন, ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাঠ থেকে ধান তুলতে পারছি না। একদিকে জমিতে ধান ভিজছে, অন্যদিকে নতুন করে ধান কাটাও বন্ধ রাখতে হচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
কৃষক আবুল কালাম বলেন, সারা বছর মাঠে পরিশ্রম করে যে ধান ফলিয়েছি, এখন সেই ধান ঘরে তোলার সময় এমন পরিস্থিতির মুখে পড়তে হবে ভাবিনি। বৃষ্টির কারণে মাঠে কেটে রাখা ধান নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।
এ বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের দ্রুত সম্ভব জমি থেকে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি থামলে ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি জমিতে যেসব ধান এখনো কাটা হয়নি, সেগুলোর অবস্থা বুঝে দ্রুত কর্তনের ব্যবস্থা নিতে হবে। কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকদের দাবি, আবহাওয়া অনুকূলে না থাকায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই দ্রুত আবহাওয়ার উন্নতি এবং মাঠের ধান ঘরে তোলার সুযোগ সৃষ্টি হোক-এমন প্রত্যাশা তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here