ফকিরহাট প্রতিনিধি: জ্ঞানের আলো ছড়িয়ে যিনি গড়ে তুলেছিলেন হাজারো শিক্ষার্থীর জীবন, সেই বিশিষ্ট আলেমে দ্বীন ও আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন (৯৫) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফকিরহাট ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে বুধবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে থাকেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী শাহ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সারিবদ্ধ কয়েক হাজার মুসল্লির অশ্রুসিক্ত কণ্ঠে উচ্চারিত দোয়ায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান ও ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুস্তাকিম বিল্লাহ।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওঃ এবিএম তৈয়েবুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা ও বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ। এছাড়া ছিলেন ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার মোহতামিম মাওঃ আব্দুল মাবুদ, অত্র অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ আবু বক্কর সিদ্দিক, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এবিএম আব্দুল মান্নান, হযরত আমির হামজা (রাঃ) দাখিল মাদ্রাসা সুপার মাওঃ মোজাফফর হোসাইন, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সুমন এবং ফকিরহাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী কেয়ারটেকার মাওঃ মোফাজ্জল হোসেন মনা।
ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সৈয়দ আলী ও সাংবাদিক মেহেদী হাসান (নয়ন) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত কয়েক হাজার সম্মানিত ব্যক্তি জানাজায় অংশ নেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে মাওলানা নিজাম উদ্দিন শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, নৈতিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষাও ছড়িয়ে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মে। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। প্রিয় শিক্ষকের বিদায়ে তাঁদের অনেকের চোখেই ছিল অশ্রু।
জানাজা শেষে এলাকার সর্বস্তরের মানুষ মরহুমের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন। সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আমিন।














