যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের নবম তলার সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল।
আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রকল্পের এসপিএম এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, সীমিত জনবল ও সম্পদ নিয়েও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল দ্রুত ও সহজভাবে সেবা পৌঁছে দিতে কাজ করছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় দ্রুত পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। শুধু ইন্টারনেট সমস্যার সমাধান নয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরে সহযোগী হিসেবে কাজ করতে চায় আইসিটি সেল।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বিডিরেনের জিএম কে এইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বিডিরেনের সিএমও এখলাস উদ্দীন আহমেদ এবং হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান।
কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষাদান-সংক্রান্ত প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।














