ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি

0
8

মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক সিল মারা কিংবা অন্য কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডিআইজি রেজাউল হক বলেন, ভোটের দিন প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি বা অনিয়মের চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেবে না; পুলিশ শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নড়াইল একটি হিন্দু ধর্ম অধ্যুষিত এলাকা। সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করাই পুলিশের প্রধান লক্ষ্য। ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পর—সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।
ডিআইজি রেজাউল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, যথাযথ প্রস্তুতির কারণে নড়াইলে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here