যশোরে পোস্টার ছেঁড়া নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দোকান ভাঙচুর

0
7

যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলুয়া গ্রামের সরদারপাড়ায় গফুর হোসেন (৩০) নামে এক ব্যক্তির চায়ের দোকানে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপি সমর্থক সেলিম হোসেন (৪২) ও তার ছেলে ফয়সাল হোসেন (৩২) গফুর হোসেনের দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দোকানের বিভিন্ন মালামাল ফেলে দেওয়া হয়।
ভুক্তভোগী গফুর হোসেন জামায়াতে ইসলামীর সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে অভিযুক্ত সেলিম হোসেন ও ফয়সাল হোসেন বিএনপি সমর্থক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,প্রায় ১০-১৫ দিন আগে অভিযুক্তরা গফুর হোসেনের দোকানে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগান। পরে ওই পোস্টার ছিঁড়ে ফেলা হয়। মঙ্গলবার বিকেলে গফুর হোসেন তার দোকানের সামনে দাঁড়িপাল্লা প্রতীক টাঙিয়ে রাখলে এ নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সদস্যরা ও যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটও বিজিবির টহল টিম মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here