শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের

0
7

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক রেজা, পিপিএম। তিনি
বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে
পুলিশ সরকার ও জনগণের সহযোগী হিসেবে কাজ করবে এবং এ ক্ষেত্রে
কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। মঙ্গলবার (১০
ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত
এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিআইজি রেজাউল হক
রেজা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে, অভিযোগ প্রমাণিত হলে তার
বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের
অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে এ বিষয়ে কোনো ছাড়
দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচন ঘিরে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি
হলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও
ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে রাবার বুলেটসহ
আইনসম্মত সকল ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। একই সঙ্গে নির্বাচন
উপলক্ষে সরকার ঘোষিত সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
ডিআইজি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের যেকোনো নির্বাচনের
তুলনায় এবারের নির্বাচন আরও সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে।
তিনি জোর দিয়ে বলেন, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই কিংবা
জাল ভোটের মতো কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার,
গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান
টুকুন, সাবেক সহসভাপতি নূর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যশোরের পুলিশ সুপার সৈয়দ
রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here