স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আপাতত সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন গণতান্ত্রিক ধারাকে দীর্ঘায়িত করতে হবে। তার জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে হবে। সরকারের পথচলা সহজ করতে যে জনশক্তি তৈরি কিংবা যে কাজটি করা প্রয়োজন সেটি করতে হবে। নিজের দায়িত্ববোধ থেকে সমাজের প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের কাজ করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের যশোর জেলা শাখা আয়োজিত র্যারি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম বক্তব্যের শুরু মহান স্বাধীনতা ঘোষক এবং মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বুঝে বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছি? কেন করেছি এবং কি প্রতিষ্ঠার জন্য করেছি? সেটি মানুষকে জানাতে হবে।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের লক্ষ্য এবং রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন এদেশের জনসংখ্যার অর্ধেক নারী; তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারী উন্নয়নে পশ্চাৎপদ রেখে জাতি উন্নত হতে পারে না। সে কারণে তিনি মহিলাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠনে তাদেরকে সম্পৃক্ত করেছিলেন। দেশের মূল স্রোতের বাইরে থাকা মহিলাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এভাবে দেশের উন্নয়ন এবং উৎপাদন্মুখী কাজে সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং অপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধারা অব্যাহত রেখে সেটিকে আরও প্রসারিত করেছিলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাড. ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু প্রমুখ। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি রের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।














