চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালুর পরিকল্পনা #ডিজিটাল চিকিৎসা সেবা আইডি পাবেন দেশের প্রত্যেক নাগরিক #প্রত্যেক ইউনিয়নে আধুনিক ক্লিনিক স্থাপনের পরিকল্পনা

0
27

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি : যশোরের চৌগাছায় চালু হওয়া মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়া উদ্দীন হায়দার। একই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিকের জন্য একটি করে ডিজিটাল চিকিৎসাসেবা আইডি চালু করা হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে মা ও শিশু, কিশোর-কিশোরী এবং বয়োবৃদ্ধরা সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এস এম জিয়া উদ্দীন হায়দার বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসা খাতকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক ক্লিনিক স্থাপন করা হবে। এর ফলে দেশের সব নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি। সভা পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
সভায় চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র তুলে ধরেন ডা. ইমদাদুল হক ও ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলসংকট এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সভায় জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here