যশোরের যশ,খেজুরের রস” গাছ আছে,গাছি নেই ঐতিহ্য সঙ্কটে!

0
17

রাহাত আলী,মণিরামপুর : ​হেমন্তের শিশিরভেজা ভোর। কুয়াশার চাদর ভেদ করে মেঠোপথে পা বাড়ালেই নাকে এসে লাগে খেজুরের রসের চিরচেনা মিষ্টি ঘ্রাণ। গাছের মাথায় বাঁধা মাটির ভাঁড়ে রাতভর জমেছে সোনালি রস। ভোরের আলো ফোটার আগেই তা নামাতে ব্যস্ত গাছিরা; কোথাও চুলোয় রস জ্বাল দেওয়ার ধোঁয়া, কোথাও আবার তৈরি হচ্ছে সুস্বাদু নলেন গুড় ও পাটালি। ‘যশোরের যশ, খেজুরের রস’—যুগ যুগ ধরে এ জনপদের গর্ব আর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে প্রবাদটি। কিন্তু নির্বিচারে খেজুরগাছ নিধন আর পেশাদার গাছির তীব্র সংকটে মণিরামপুরে আজ অস্তিত্ব সংকটে সেই সোনালি ঐতিহ্য।
​ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯০০-১৯০১ সালে তৎকালীন পূর্ববঙ্গে প্রায় ২২ লাখ মণ খেজুরের গুড় উৎপাদিত হতো, যার সিংহভাগই আসত বৃহত্তর যশোর অঞ্চল থেকে। ঘরোয়া চাহিদা মিটিয়ে একসময় এই গুড় বাণিজ্যিকভাবে চিনি উৎপাদনেও ব্যবহৃত হতো। শতবর্ষী সেই গৌরবের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি ‘যশোরের খেজুরের গুড়’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা লাভ করে।
​তবে জিআই স্বীকৃতির আনন্দ ছাপিয়ে মণিরামপুরের বাস্তবতা এখন অনেকটাই মলিন। জনসংখ্যা বৃদ্ধির চাপে একসময় যেখানে উঁচু জমিতে খেজুরগাছের সারি সারি বাগান ছিল, সেখানে এখন গড়ে উঠেছে বসতঘর। এর ওপর ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার, অপরিকল্পিত নগরায়ণ ও সড়ক সম্প্রসারণের কবলে পড়ে আগের তুলনায় অনেক কমে গেছে খেজুরগাছ। নতুন করে খেজুরগাছ রোপণ ও পরিচর্যায়ও নেই কোনো উল্লেখযোগ্য উদ্যোগ।
মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন,​ আগের তুলনায় খেজুরগাছ কমলেও গ্রামেগঞ্জে এখনো যে সংখ্যক গাছ দাঁড়িয়ে আছে, তার বড় একটি অংশই আবাদ হয় না। এর নেপথ্যে প্রধান কারণ পেশাদার গাছির তীব্র সংকট। ঝুঁকিপূর্ণ এ পেশায় হাড়ভাঙা খাটুনির পরও ন্যায্য পারিশ্রমিক মেলে না। ফলে নতুন প্রজন্ম এ কাজে আগ্রহ হারাচ্ছে, আর অযত্নে-অবহেলায় পড়ে থাকছে অসংখ্য খেজুরগাছ। গাছি সংকটের কারণেই দিন দিন ফিকে হয়ে আসছে যশোরের ঐতিহ্যবাহী রসের সেই চিরচেনা আমেজ।
গোপালপুর গ্রামের আব্দুস সাত্তার বলেন,​ঐতিহ্যের এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর ভেজাল গুড়ের দৌরাত্ম্য। বাড়তি লাভের আশায় অতিরিক্ত চিনি, কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরির ফলে বাজার হারাচ্ছেন প্রকৃত উৎপাদকরা, প্রতারিত হচ্ছেন ভোক্তারাও। পাশাপাশি কাঁচা খেজুরের রসে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকিও জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
​প্রায় অর্ধশতাব্দী ধরে খেজুরগাছের সঙ্গে সখ্য মণিরামপুরের কাশিপুর গ্রামের ৭০ বছর বয়সী গাছি আব্দুস সামাদের। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, “আগে গ্রামের উঁচু জায়গায় খেজুরগাছের বাগান ছিল, শীত এলেই দম ফেলার ফুরসত মিলত না। এখন বসতবাড়ি আর ইটভাটার পেটে চলে গেছে বেশির ভাগ খেজুরগাছ। তবু গ্রামে এখনো যে কয়টা গাছ টিকে আছে, গাছির অভাবে সেগুলোরও অর্ধেক কাটা হয় না। বয়সের ভারে আগের মতো গাছে উঠতে পারি না, নতুনরাও এ পেশায় আসতে চায় না। এত কষ্ট করেও ন্যায্য দাম মেলে না।”
​এ বিষয়ে মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, “যশোরের খেজুরের গুড়ের ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনা বিশাল। জিআই পণ্যের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ভেজালমুক্ত গুড় উৎপাদন এবং নিরাপদ উপায়ে রস সংগ্রহের বিষয়ে গাছিদের প্রশিক্ষণ, পরামর্শ ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করা হচ্ছে।”
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন বলেন, “খেজুরগাছ নিধন রোধ ও ঐতিহ্য রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। অপরিকল্পিতভাবে খেজুরগাছ কাটা এবং ইটভাটায় জ্বালানি হিসেবে এর ব্যবহার বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধেও নিয়মিত নজরদারি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here