স্টাফ রিপোর্টার : যশোর শহরের জেল রোডে অবস্থিত জামান মেডিসিন কর্নারকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখা, ওষুধ সংরক্ষণের ফ্রিজে বরফ জমে থাকা, বিক্রির জন্য নয় এমন স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং বিদেশি বলে প্রচারিত ভুয়া ওষুধ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (দুপুরে) যশোর শহরের জেল রোডে কুইন্স হাসপাতালের বিপরীতে অবস্থিত দোকানটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। যশোর স্থানীয় খবর
অভিযান সূত্রে জানা গেছে, দোকানটিতে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য নয় এমন স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ সংরক্ষণের ফ্রিজে বরফ জমে ছিল। বরফের কারণে কিছু ওষুধ ভিজে যাওয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এ সময় দোকানে রাখা একটি নাকের ওষুধের গায়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা থাকলেও কিউআর কোড স্ক্যান করে সেটিকে ভুয়া বলে শনাক্ত করা হয়। এসব অনিয়মের অভিযোগে জামান মেডিসিন কর্নারের ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।














