অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাড়ির পুকুরে ডুবে লাবিব শেখ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবিব ওই গ্রামের তানজিল শেখের ছেলে।
নিহতের বাবা তানজিল শেখ জানান, স্ত্রী সঙ্গে বিচ্ছেদের পর গত দুই বছর ধরে তিনি ছেলে লাবিবকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় ছেলেকে বাড়িতে রেখে তিনি পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম জানান, চার বছর বয়সী শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।














