যশোরে পৃথক হামলায় ৭জন আহত

0
33

যশোর অফিস : যশোরে পৃথক ঘটনায় সাত জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত থেকে বুধবার (৭ অক্টোবর) রাত পর্যন্ত সদর ও বাঘারপাড়ার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় সিগারেটের আগুন চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে খোকন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। খোকন ওই এলাকার মৃত সালেমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার হাফিজুর রহমানের ছেলে অন্তু (২০)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অন্তু খোকনের গলার নিচে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। আহত অবস্থায় বাড়িতে থাকার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আগড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন—আকিজুর (৪৫), তার ছেলে শামিম (২৪) ও হাবিব (২৩) আহত হন। শিপন (৩৫) নামে এক ব্যক্তি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর তাদের লাঠিসোঁটা ও দা দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের আজমপুর বাজারে জমিতে জাল দেওয়া নিয়ে পূর্ববিরোধের জেরে আব্দুর সামাদ (৪৫) নামে এক ব্যক্তিকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে মন্টু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ছাড়া রাত ৮টার দিকে যশোর শহরের মনিহার মাইক্রোস্ট্যান্ড এলাকার একটি হোটেলে পূর্বশত্রুতার জেরে মিজান (২৬) নামে এক যুবককে দা দিয়ে মাথায় কোপ দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজ (৫০) ও মুন্সি (৫০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।
অন্যদিকে, রাত পৌনে ১০টার দিকে শহরের শংকরপুর মুরগি ফার্মগেট এলাকায় পূর্বশত্রুতার জেরে রিহান (১৮) নামে এক যুবককে লাঠি ও জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কবির (৫৫), কালু (৩০) ও সোহাগ (২৫) নামে তিনজনের বিরুদ্ধে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজন পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। পৃথক ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here