স্টাফ রিপোর্টার: সদর উপজেলাধী রামনগর ইউনিয়নের কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের নাটুয়ার খালের সীমানা নির্ধারণের পর নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। খালের পাশের প্রায় ৭শতক জমির মালিকানা নিয়ে সমালোচনা চলছে। কোনটি খাস ও খালের জমি—এসব প্রশ্নে দেখা দিয়েছে মতবিরোধ।
শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে প্রকৃত খালের অবস্থান, সীমানা এবং সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাপ করা হয়। এতে খালের কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমির ভেতর যাবার তথ্য উঠে। একই সঙ্গে সরকারি খাসজমি ও খালের জমি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।
এরপূর্বে শুক্রবার (১৩ নভেম্বর) নাটুয়ার খালপাড় দখল ও ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা। খালের জায়গা দখলসহ প্রায় তিন ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ হলে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে কৃষিজমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এতে সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে জমি পরিমাপ করা হয়। পরিমাপে খালটি পূর্বের অবস্থানে নেই। কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমির ভেতর চলে গেছে।
রামনগর ইউনিয়ন উপসহকারি (ভূমি) কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের মানববন্ধনের পর এসিল্যান্ড স্যারের নির্দেশে জমি পরিমাপ করা হয়েছে। এলাকাবাসি প্রায় ৭শতক জমির মালিকানা নিয়ে বিরোধের কথা জানিয়েছেন। বিষয়টি তদন্ত হচ্ছে। তবে পানি যেন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও স্থানীয় জনসাধারণের স্বেচ্ছাশ্রমে বাজুয়াডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে খালটি খনন করা হয়।
তথ্যা অনুসারে, বাজুয়াডাঙ্গা ৭০ নম্বর মৌজার এসএ রেকর্ডে রাজা প্রমথ ও সুমতী বালার নামে জমি রেকর্ডভুক্ত ছিল। পরবর্তীতে আরএস ২৫৩ নম্বর খতিয়ানেও রাজা প্রমথ ভূষণ ও সুমতী বালার নামে জমি রেকর্ড হয়। রেকর্ডীয় মালিক রাজা প্রমথের মৃত্যুরপর সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে পন্নগ ভূষণ ও মৃগাঙ্কু ভূষণের কাছে যায় বলে দলিলে উল্লেখ রয়েছে। তাঁদের মৃত্যুরপর পরবর্তী ওয়ারিশ মণি ভূষণ সম্পত্তির মালিকানা লাভ করেন। তিনিও মারা গেলে ওয়ারেশ সুএে প্রনব ভূষন ভোগদখল করে বলা হয়েছে। অন্যদিকে, সুমতী বালার মৃত্যুরপর তাঁর সম্পত্তি মাতৃ-ওয়ারিশ সূত্রে সনৎ কুমার নাথের কাছে মালিকানা আসে বলে উল্লেখ।
পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ারিশদের নিকট হতে ফুলতলা, কসবা,কাজীপাড়া পায়গ্রামের কাজী গোলাম ইজদাইন’র ছেলে কাজী মহিউদ্দিন ১৯৯৭ সালের ২৫ফেব্রুয়ারি রেজিস্ট্রিকৃত কবলা দলিলে জমি ক্রয় করেন বলে উল্লেখ রয়েছে। পরবর্তীতে মিস কেস মামলার মাধ্যমে ২৫/৭১০ নম্বর পৃথক খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে।
সর্বশেষ ২০২৫ইং সালের ১৩ নভেম্বর রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কাজী মহিউদ্দিনের কাছ থেকে ৭শতক জমি ক্রয় করেন যশোর বকচরের মোজাম্মেল হোসেনের ছেলে মিজানুর রহমান। বর্তমানে খতিয়ানে তাঁর নামে জমির মালিকানা সংক্রান্ত তথ্য রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষের দাবি।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, খালের মধ্যে ব্যক্তিমালিকানাধীন জমি, সরকারি খাসজমি ও খালের জমি রয়েছে। তাঁর দাবি, ব্যক্তিমালিকানাধীন জমির বড় অংশ খালের মধ্যে পড়েছে।
এদিকে এলাকাবাসি, প্রথম পর্যায়ের ওয়ারিশদের কাউকেই চেনেন না বলে দাবি করেছেন। এমনকি গত ৫০ বছরের মধ্যে ওই ওয়ারিশদের কাউকে জমিটি ভোগদখল করতে দেখেননি। ফলে যাঁদের ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা হচ্ছে ; তাঁদের পরিচয়, প্রকৃত উত্তরাধিকার এবং মালিকানার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে ভুয়া কাগজপত্র তৈরির দাবি উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, নথিপত্র, পুরোনো রেকর্ড ও সরেজমিন তদন্তের ভিত্তিতে প্রকৃত মালিকানা নির্ধারণ হোক।
একই সঙ্গে নাটুয়ার খালের সীমানা উদ্ধারসহ পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় মালিকানা নিয়ে বিরোধের পাশাপাশি কয়েকটি গ্রামের কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদী ভোগান্তি তৈরি হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট দলিল, ওয়ারিশের ধারাবাহিকতা, পুরোনো রেকর্ড ও খালের নকশা যাচাইপূর্বক সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর।














