রাজয় রাব্বি, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে চলতি ইরি-বোরো মৌসুমের ভরা সময়ে নির্ধারিত সময়ে সার
সরবরাহে দীর্ঘ বিলম্বের অভিযোগ উঠেছে একটি সার আমদানিকারক
প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে কৃষি বিভাগ ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা
দিয়েছে। দেশ ট্রেডিং কর্পোরেশন ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো চলতি
মাসে টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে বিপুল পরিমাণ সার বরাদ্দ পেলেও
উল্লেখযোগ্য অংশ বিক্রি ও সরবরাহ করা সম্ভব হয়নি।
জানা গেছে, চলতি মাসে ডিলারদের কাছে বরাদ্দকৃত সার সময়মতো পৌঁছাতে
ব্যর্থ হওয়ায় দেশ ট্রেডিং কর্পোরেশনের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে। উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
যশোরের টেলিফোনিক নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন
স্বাক্ষরিত দেওয়া হয়েছে। ওই চিঠিতে চলতি মাসে বরাদ্দকৃত সার দ্রুত ও
নিরবচ্ছিন্নভাবে ডিলারদের কাছে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়,
বর্তমানে দেশে ফসল উৎপাদনের ভরা মৌসুম চলছে এবং সময়মতো সার সরবরাহ
নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। অথচ বিভিন্ন জেলার ডিলাররা দেশ ট্রেডিং
কর্পোরেশনের বিরুদ্ধে সার সরবরাহে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেছেন।
সূত্র জানায়, অক্টোবর থেকে শুরু হওয়া বোরো মৌসুম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে
রয়েছে। এ সময় সারা দেশে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায়
কৃষক একাধিকবার ডিলারের কাছে গিয়েও সার না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে
কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। সময়মতো সার প্রয়োগ না হলে বোরো ও
রবি শস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
নওয়াপাড়ার আলী নামের এক সার ডিলার বলেন, সার ডেলিভারি নিতে আমদানীকারক
প্রতিষ্ঠানে কাগজপত্র জমা দিয়ে ৭ থেকে ৮ দিনও অপেক্ষা করতে হয়। দেশ ট্রেডিং
এর ছোট একটি অফিস ঘরে জনবলও কম থাকায় নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে দেশ ট্রেডিং কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মজিবুর রশিদ খান
বলেন, ‘কেউ কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে যে দেরি হচ্ছে। আমরা
সময়মতো সার পাঠিয়ে দিচ্ছি।’
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন বলেন, ‘এখন রবি
মৌসুম ও সার ব্যবহারের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে দেশ ট্রেডিং
কর্পোরেশন সময়মত ডিলারদের হাতে সার দিচ্ছে না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত
হচ্ছে। ফলে তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং
কমিটির সভাপতি সালাউদ্দিন দিপু মানবজমিনকে বরেন, “আমি খবর পেয়ে দেশ
ট্রেডিংয়ের অফিসে গিয়েছিলাম। সকল সমস্যা সমাধানে তাদের নির্দেশনা
দিয়ে এসেছি। তারা দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। না করলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”














