# ডিসেম্বরের মধ্যেই যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন! ছয় বছর পর নির্বাচিত নেতৃত্বের অপেক্ষা; নির্বাচন কমিশন গঠন, রবিবার প্রকাশ হতে পারে নাম

0
25

ডি এইচ দিলসান : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে
নির্বাচনের পথে হাঁটছে যশোর জেলা ক্রীড়া সংস্থা। আগামী
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন
সংস্থাটির সদস্য সচিব চিন্ময় সাহা। ইতোমধ্যে অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেড কমোলেশ মজুমদারকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন
করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। আগামী
রবিবারের মধ্যেই নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করা হতে
পারে। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু
হলে যশোরের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে বলে আশা করছেন
ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টরা।
প্রায় ছয় বছর আগে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল
যশোর জেলা ক্রীড়া সংস্থার সর্বশেষ নির্বাচন। ওই নির্বাচনে ২৭টি
পদের মধ্যে ২৪টিতে জয়লাভ করে ‘মল্লিক-সালেক-কবির’ প্যানেল। সাধারণ
সম্পাদক নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। ২০২০ সালের
২২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে চার বছর মেয়াদি ওই কমিটি।
গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ
হয়। এরপর থেকেই সংস্থাটির নির্বাচিত নেতৃত্বের শূন্যতা তৈরি হয়।
মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের ২৮ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ
(এনএসসি) যশোর জেলা ক্রীড়া সংস্থায় একটি অ্যাডহক কমিটি গঠন
করে। একই বছরের ১২ জুন পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও
মামলা ও নানা জটিলতায় শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
পরবর্তীতে ২০২৪ সালের ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে
দেশের অন্যান্য জেলা ক্রীড়া সংস্থার মতো যশোর জেলা ক্রীড়া সংস্থার
কমিটিও বিলুপ্ত করা হয়।
এরপর ২০২৫ সালের জানুয়ারিতে যশোরের জেলা প্রশাসককে আহ্বায়ক
করে সাত সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে
অ্যাডহক কমিটির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও ক্রীড়া
সংগঠকদের প্রত্যাশা ছিল দ্রুত একটি নির্বাচিত কমিটি গঠনের।
দীর্ঘ সময় ধরে নির্বাচিত নেতৃত্ব না থাকায় যশোরের ক্রীড়াঙ্গনে
কার্যক্রমের ধারাবাহিকতা ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে প্রশ্ন
তৈরি হয়। এমন পরিস্থিতিতে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জাতীয়
ক্রীড়া পরিষদ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন
আয়োজনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়।
কেন্দ্রীয় পর্যায়ের এই উদ্যোগের পর জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন
নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়। সেই ধারাবাহিকতায় যশোর জেলা
ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে যাচ্ছে বলে
জানিয়েছেন চিন্ময় সাহা।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ক্রীড়া
সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ‘আমরা চাই একটি
নির্বাচিত কমিটি। দীর্ঘদিন ধরে যশোর জেলা ক্রীড়া সংস্থা যেন
অন্ধকারে ডুবে আছে। কোনো ধরনের দৃশ্যমান কার্যক্রম নেই। একটি
নির্বাচিত কমিটি এসে আবারও মাঠ খেলাধুলায় ভরিয়ে তুলুক, এটাই
আমাদের প্রত্যাশা। নতুন নেতৃত্বের মাধ্যমে যশোরের ক্রীড়াঙ্গনে
প্রাণচাঞ্চল্য ফিরে আসুক।’ তিনি আরও বলেন, যশোরে প্রতিভাবান
খেলোয়াড়ের অভাব নেই। প্রয়োজন নিয়মিত প্রতিযোগিতা,
প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনা। একটি নির্বাচিত
কমিটি দায়িত্ব নিলে ক্রীড়াঙ্গনের হারানো গতি ফিরিয়ে আনা সম্ভব
হবে।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
ইয়াকুব কবিরের কণ্ঠেও রয়েছে দীর্ঘদিনের আবেগ ও প্রত্যাশা।
ক্রীড়াঙ্গনের সঙ্গে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন,
‘জীবনের অর্ধেকেরও বেশি সময় ধরে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে
আগলে রেখেছি। এই স্টেডিয়াম আমার দ্বিতীয় বাড়ি। এই বাড়ি যদি
মালিকশূন্য থাকে, তাহলে সেটা কষ্টের কারণ হয়ে যায়।’
তিনি বলেন, ‘আমি অসুস্থ, সবার কাছে দোয়া চাই। একই সঙ্গে চাই
একটি সঠিক নেতৃত্বের হাতে জেলা ক্রীড়া সংস্থা ফিরে যাক। আবার
ফুলে-ফলে ভরে উঠুক আমাদের ক্রীড়াঙ্গন। খেলোয়াড়, কর্মকর্তা ও
সংগঠকদের পদচারণায় মুখর হয়ে উঠুক আমার এই আঙিনা।’
অন্যদিকে নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন
যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা। তিনি বলেন,
‘আমি যে কোনোভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে
নির্বাচন সম্পন্ন করেই ছাড়ব। ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন করার
সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে
পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here