স্টাফ রিপোর্টার : স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি অনলাইন প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ-এর নড়াইল জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াইল সদর উপজেলা-এর মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), ফারুক মোল্যা ওরফে অনিক (২২) এবং পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) ও লিমন মোল্যা (২২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করত। এসব পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে ইলিশ মাছ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করলেও, পণ্য সরবরাহ করত না।
সম্প্রতি এক ভুক্তভোগী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইনে মাছ বিক্রির আড়ালে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।














