চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় পুকুরের
পানিতে ডুবে ৭ বছরের শিশু মেহেজাবিন নূরের মর্মান্তিক মৃত্যু
হয়েছে। সে উপজেলার জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে ও
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। বুধবার দুপুর ১
টার দিকে শিশুটি পানিতে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেজাবির নুরের মা
ধান সিদ্ধ করে বাসার ছাদে নেড়ে দিচ্ছে, দুপুর সাড়ে ১২ টার দিকে
শিশুটি তার মায়ের কাছে ছুটে এসে হাতে কয়েকটি পাকা জাম
দিয়ে মাকে খেতে বলে আবার খেলতে বের হয়ে যায়। দুপুর ১ টার দিকে
স্থানীয় জৈনক এক ব্যক্তি বাড়ির পাশেই পুকুরের পানিতে মেহেজাবিনের
মরাদেহ ভাসতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে
দ্রুতই চৌগাছা হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক
তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির চাচা মোঃ প্রান্ত বলেন, মেহেজাবিন প্রথম শ্রেনীতে
পড়ালেখা করতো, সে ছিল বেজায় মেধাবী ও শান্ত। তার অকাল মৃত্যুতে
শোকে বিহবল হয়ে পড়েছে গোটা পরিবার।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।














