বেনাপোল-মোংলা রুটে ব্যতিক্রমী কর্মসূচি

0
103

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দেশীয় গাছের বিস্তারে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে বেনাপোল-মোংলা রেলপথের দুই পাশজুড়ে প্রায় ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৬০ কেজি দেশি খেজুরের আটি বিভিন্নভাবে সংগ্রহ করা হয়েছে।
উদ্যোগটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শফিয়ার রহমান। তিনি জানান, রেললাইনের দুই পাশের অনাবাদি জায়গায় খেজুর গাছ জন্মানোর মাধ্যমে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় বৃক্ষসম্পদ বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আহ্বানে মো. শফিয়ার রহমান বলেন,
“আমরা যদি আজ একটি ছোট উদ্যোগ গ্রহণ করি, আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে। দেশীয় খেজুর গাছ শুধু পরিবেশের জন্য উপকারী নয়, এটি আমাদের ঐতিহ্যেরও অংশ। তাই আসুন, সবাই মিলে এই সবুজায়ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”
তিনি আরও জানান, এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশপ্রেমীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিতে পারবেন। প্রকৃতিকে সবুজে সমৃদ্ধ করার এ উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।
স্থানীয় পরিবেশসচেতন মহলের মতে, পরিকল্পিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দীর্ঘমেয়াদে রেলপথের দুই পাশ সবুজে আচ্ছাদিত হবে এবং পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here